এটিএন নিউজের প্রধান উপদেষ্টা সরকার ফিরোজ উদ্দিন (৭০) বৃহস্পতিবার সকালে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি---রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। দীর্ঘ ৫০ বছর তিনি সম্প্রচার মাধ্যমে কাজ করেছেন। পাকিস্তান টেলিভিশন দিয়ে তার কর্মজীবন শুরু। ১৯৭১ সালে তিনি তত্কালীন পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্রের একজন ঘোষক ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনের ট্রান্সমিশনের দায়িত্বে ছিলেন তিনি। অবসর নেওয়ার পর যুক্ত হন দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। ২০১২ সালের নভেম্বরে দেশের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজে উপদেষ্টা হিসেবে যোগ দেন। বৃহস্পতিবার বেলা তিনটায় এটিএন নিউজের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেই বীর মুক্তিযোদ্ধা সরকার ফিরোজকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। বাদ আসর ধানমন্ডি ঈদগাহ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
