নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা শিল্পাঞ্চলের ইসলামপুর এলাকায় এক শিল্প প্রতিষ্ঠানে চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে ওই প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সুমন গতকাল সোমবার বাদী হয়ে ৮ জনকে আসামি করে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, উপজেলার মেঘনা শিল্পাঞ্চলের ইসলামপুর এলাকায় হেরিটেজ পলিমার এন্ড লেমি টিউবস লিমিটেড নামের শিল্প প্রতিষ্ঠান ওই এলাকায় একটি জমি সরকারের কাছ থেকে দীর্ঘ মেয়াদী বন্দোবস্ত নিয়ে জমির উন্নয়ন কাজ শুরু করে। গত ২৮ ডিসেম্বর উন্নয়ন কাজ চলাকালে ইসলামপুর এলাকার ছালামত মিয়ার ছেলে আক্তার হোসেন, জাকির হোসেন, বজলু মিয়ার ছেলে সুমন, সামসুল হকের ছেলে হারুন মিয়া, আব্দুল বাতেন মিয়ার ছেলে মনির হোসেন, জহিরুল ইসলামের ছেলে জসিম, বারেক মিয়ার ছেলে সেলিম ও শফিকুল ইসলামের ছেলে আউয়ালসহ ১৫-২০জনের একটি দল লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে উন্নয়ন কাজে বাধা দেয়। খবর পেয়ে ওই প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সুমন সেখানে গেলে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে কর্মরত শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেয়। এ কাজ করতে হলে সুমনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনাটি আমি শুনেছি। থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। আদালতে মামলা দায়ের হলে তদন্তের নির্দেশ থানায় আসার পর ঘটনার তদন্ত হবে। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
