ঢাকা-৬ আসনে মহাজোটের একক প্রার্থী ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, ভোটের দিন লাঠি নিয়ে কেন্দ্র পাহারা দেওয়ার কথা বলে ড. কামাল হোসেনরা উস্কানি দিচ্ছেন। তার এ বক্তব্য রাষ্ট্রকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। তারা ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কে? তিনি স্বাধীনতা বিরোধীদের পরামর্শে চলছেন এবং তাদের নীলনকশা বাস্তবায়নে কাজ করছেন। গতকাল বৃহস্পতিবার ফিরোজ রশীদ তার নির্বাচনী এলাকায় বিভিন্ন পথসভায় একথা বলেন।
ফিরোজ রশীদ বলেন, আমরা চাই শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু অপশক্তিগুলো জনগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করছে। কারণ তারা জানে, মহাজোট সরকার দেশে যে উন্নয়ন করেছে, তাতে দেশবাসী পুনরায় বিপুল ভোটের মাধ্যমে মহাজোট সরকারকে জয়ী করবে। বিকালে পুরান ঢাকার লালকুঠি ময়দানে লাঙ্গলের সমর্থনে পথসভা হয়। এতে নেতৃত্ব দেন ফিরোজ রশীদের ছেলে কাজী সোয়েব রশীদ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন ছোটন। দিনব্যাপী গণসংযোগে ফিরোজ রশীদের সঙ্গে ছিলেন আবু আহমেদ মান্নাফী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আলমগীর সিকদার লোটন, আবু সাঈদ, গাজী আবু সাঈদ, হাজী ফারুক, জাহিদ হোসেন বিপ্লব প্রমুখ।
