নতুন বছরের স্বপ্ন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৮:৩৮

দেখতে দেখতে আরো একটি বছরের বিদায়ঘণ্টা বেজে গেল। সময়ের পরিক্রমায় এভাবেই চলতে থাকবে পুরোটা জীবন। বছর যাবে, বছর আসবে এটাই নিয়ম। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ নতুন পরিকল্পনার মাধ্যমে সামনে পথচলায় অগ্রসর হয়। তেমনি ২০১৯ সালের বিদায় এবং ২০২০ সালের আগমনে দেশের বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা নিজেদের নতুন পরিকল্পনার মাধ্যমে গুছিয়ে নিচ্ছেন। তাদের ভবিষ্যত্ পরিকল্পনার পুরোটা শুনে পাঠকদের জন্য চুম্বক অংশ লিখেছেন— অনিক আহমেদ

সময়ের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে

আমার কাছে নতুন বছর মানেই নতুন নতুন ভাবনা নিয়ে নব উদ্যমে পথচলা। নতুন বছরের লক্ষ্য নির্ধারণে কেউ যেন পিছিয়ে না থাকে। পুরোনো দিনের যত হতাশা গ্লানি রয়েছে তার জঞ্জাল ভেঙে কয়েক ধাপ এগিয়ে যেতে হবে। বছরের শুরুতে সবারই অনেকগুলো রেজোলিউশন ঠিক করা উচিত বলে আমি মনে করি। আসলে নতুন বছরে নতুন কিছু চিন্তা নিয়েই কাজ করা উচিত। কিছু প্ল্যান বা ডেডলাইন আগে থেকেই ফিক্সড করলে খুব দ্রুত আগানো যায়। নতুন বছর উপলক্ষ্যে আমাদের লক্ষ্য হোক যেটা শিখতে হবে মনস্থির করা, সেটা পুরোপুরি আয়ত্তে না আসা পর্যন্ত কোনো ছাড়াছাড়ি নেই। দুনিয়া উলটিয়ে গেলেও লক্ষ্য থেকে একচুল নড়া যাবে না। তবেই ভালো আউটপুট পাওয়া সম্ভব।

—শামীম জয়

মার্কেটিং বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

 

সুষ্ঠু পরিকল্পনামাফিক এগোতে হবে

নতুন বছরে আমাদের নতুন ও সৃজনশীল কিছু চিন্তা নিয়েই কাজ করা উচিত। কিছু পরিকল্পনা নিয়ে যদি আমরা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে নতুন বছরটা আমাদের সাফল্যময় হতে পারে। সেই সঙ্গে ব্যক্তি জীবনেও এর সুফল পাওয়া যেতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি সেকেন্ডকে গুরুত্বপূর্ণ ভেবে কাজ করতে হবে। অন্য কারো কাছে নিজের মতো করে ভাবার আশা না করাটাই ভালো। কারণ পৃথিবীর সব মানুষের চিন্তাধারা আলাদা। সব মানুষেরই চাহিদা থাকবে আর সময়ের সঙ্গে চাহিদা বৃদ্ধিও পেতে থাকে। তবে তা অবশ্যই সীমার মধ্যে থাকাটা জরুরি।

—মো. রুহুল আমিন

ব্যবসায় প্রশাসন বিভাগ

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ

ভালোবাসা নিয়ে কাজ করতে হবে

নতুন বছর মানে নতুন নতুন স্বপ্ন, অন্যরকম উত্তেজনা। সবার মনে একটা নতুনত্বের জোয়ার বইতে শুরু করেছে। সময় যেন দ্রুত গতিশীল হয়ে উঠেছে। কেমন যেন মনে হচ্ছে, এই তো ক'দিন আগেই একটা বছর শুরু হয়েছিল! এত দ্রুত কীভাবে সময় আমাদের পেরিয়ে যাচ্ছে তা যেন ঠিক বুঝে ওঠা যাচ্ছে না। সময়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমরা অনেকেই হাঁপিয়ে উঠছি। আবার অনেকেই সময়কে পেছনে ফেলে দিয়ে পূর্ণ উদ্যমে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। নিজের প্রতি যার ভালোবাসা আছে, দায়বদ্ধতা আছে সমাজ ও দেশের প্রতি, যিনি কিছু দিতে চান পৃথিবীবাসীকে, সময় নামক ফ্রেমে তাকে আটকে রাখা কঠিনই বটে। তিনি তার অভীষ্ট লক্ষ্যের দিকেই এগিয়ে চলেন।

—শাবনাজ শিকদার

ফার্মেসি বিভাগ, গণবিশ্ববিদ্যালয়

 

তরুণদের সর্বোচ্চ ত্যাগী হতে হবে

পড়াশোনার পাশাপাশি রেডিওতে কাজ করার সুবাদে প্রতিটা ঘণ্টা, দিন, মাস এবং নতুন বছর আমার কাছে ভিন্নমাত্রার তাত্পর্য বহন করে। বর্তমানের সাথে তাল মিলানোর জন্য ইংরেজি নববর্ষের হিসাব করাই  বাঞ্ছনীয়। ব্যক্তিগতভাবে প্রতি ইংরেজি নতুন বছরের প্রথম দিকে ছোটো ছোটো ডেটলাইন দিয়ে অসংখ্য পরিকল্পনা করে রাখি। বিগত বছরের হওয়া ভুলগুলো পুনরায় না হওয়ার জন্য নিজের ওপর সচেতনভাবে খেয়াল রাখি। এ তো গেল নিজের চিন্তা! মিডিয়াতে কাজ করার কারণে সারা দেশের অবস্থার একটা গড়পড়তা বর্ণনা জেনে যাই খুব সহজে। ব্যক্তিগত উদ্যোগে আশেপাশের তরুণদের নিয়ে উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করি।

—রিয়াজ হোসাইন

ব্যবসায় প্রশাসন (প্রফেশনাল) বিভাগ

হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা

অতীতের ভুলত্রুটি কাটিয়ে উঠতে হবে

কালের পরিক্রমায় বিদায় নিয়ে শুরু হতে যাচ্ছে আরো একটি নতুন বছর। বিদায়ী বছরের হতাশা ও বঞ্চনাকে পেছনে ফেলে ভালো কিছু প্রাপ্তিতে বরণ করে নেবে নতুন বছরকে। নানাবিধ অনিশ্চয়তার মধ্যে নতুন বছরের আগমন। তাই প্রত্যাশার পারদে যোগ হয়েছে নতুন মাত্রা। কামনা করি, সব ধরনের স্থবিরতা কাটিয়ে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। দেশে ফিরে আসুক শান্তি, সমৃদ্ধি, স্বস্তি ও গতিময়তা। বস্তুত একটি বছরের বিদায় ও আগমনে প্রত্যেক বিবেক-বুদ্ধিসম্পন্ন মানুষের কর্তব্য হলো, অতীত জীবন নিয়ে চিন্তাভাবনা তথা আত্মসমালোচনা ও অনুশোচনার মাধ্যমে জীবনের হিসাব-নিকাশ পর্যালোচনা করা।

—মো. সামিউল বাশার

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

 

রাজনৈতিক অবস্থার পরিবর্তন চাই

বাঙালির উত্সব মানে পান্তা-ইলিশের গন্ধে মোড়ানো পাড়ার ব্যবসায়ীর হালখাতার পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ আমাদের সংসড়ৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হলেও ব্যবহারিক জীবনে ইংরেজি নববর্ষই বহুল প্রচলিত। কৃষিকাজের পাশাপাশি অন্যান্য কর্মক্ষেত্রে মানুষের প্রবেশ বাড়ছে। সে যায় হোক, পুরনো দিনের ব্যর্থতা, গ্লানি, হতাশা মুছে দিয়ে নতুন বছরের সূর্যোদয় শুভ সংবাদ নিয়ে হাজির হবে এই প্রত্যাশাতেই সবাই পরবর্তী সকালের বীজ বপন করে। বিভিন্ন সময়ে সারা বছর ধরে চলা দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, খুন, ধর্ষণ ইত্যাদি নিউজে ভর্তি দিনটাতেও আমরা আশায় থাকি আগামীকাল একটা ভালো খবর দেখব বলে।

—মুস্তাফিজ পিন্টু

ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি,

ঢাকা বিশ্ববিদ্যালয়