নরুন্দিতে তিস্তার বিরতি চাই

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:৩২

আমি জামালপুর সদর উপজেলার ৬ নম্বর নুরুন্দি ইউনিয়নের একজন বাসিন্দা। আমার কর্মস্থল রাজধানী ঢাকা। নিয়মিত ঢাকা থেকে প্রতি সপ্তাহে ট্রেনে জামালপুর যাতায়াত করি। ঢাকা-জামালপুর যাতায়াতের ক্ষেত্রে নরুন্দি স্টেশনটি অধিকতর সুবিধাজনক হওয়ায় আমরা এই স্টেশন থেকে ওঠা-নামা করি। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ স্টেশনে একটিমাত্র ‘কমিউটার ট্রেন’ থামে। বিপুল যাত্রীর তুলনায় যা যথেষ্ট নয়। প্রচণ্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দীর্ঘ পথ জার্নি করতে হয়। আবার যাত্রী অধিক হওয়ার সুযোগে এই ট্রেনেও চলছে কিছু অনিয়ম ও জুলুমবাজি। নির্দিষ্ট রেটের চেয়েও বেশি টাকায় টিকেট বিক্রি হচ্ছে। সিটে বসার কোনো নিশ্চয়তা নেই। বলা প্রয়োজন, এই নরুন্দি ইউনিয়নের জনসংখ্যা প্রায় ১ লাখ ৭০ হাজার। আশেপাশের শলের কান্দা, গোরাদাপ, তুলশিরচর মিলিয়ে প্রায় ৮ লাখ মানুষের যাতায়াতের কেন্দ্র এই নরুন্দি স্টেশন। ঢাকা থেকে জামালপুরগামী ইন্টারসিটি কয়েকটি ট্রেন চলাচল করলেও এখানে কোনো ইন্টারসিটি ট্রেন থামে না। বিপুল জনগণের সাশ্রয়ী ও নিরাপদ স্বস্তিদায়ক যাতায়াতের স্বার্থে নরুন্দি স্টেশনে অন্তত একটি ইন্টারসিটি ট্রেন থামলে হাজারো নিম্ন আয়ের মানুষ যাঁরা পরিবারকে কেন্দ্র করে নিয়মিত যাতায়াত করেন তাঁদের জন্য খুবই উপকার হয়। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে সবিনয় আবেদন এই যে, নরুন্দি স্টেশন থেকে যাত্রী পরিবহনের জন্য অন্তত একটি ইন্টারসিটি ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণ করুন।

মো. ফেরদৌস

মাঝপাড়া, নরুন্দিবাজার, জামালপুর