সোলাইমানির দাফন কাজ স্থগিত

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২০:০৮

মার্কিন হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ডসের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানির দাফন কাজ কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার ইরানের কেরমানে সোলাইমানির জানাজার পর দাফন করতে তার মরদেহ কবরস্থানে নিয়ে যাওয়ার সময় পদদলিত হয়ে অন্তত ৪০ জন নিহতের ঘটনা এবং প্রচণ্ড ভীড়ের কারণে দাফন কাজ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।   

গণমাধ্যমের খবরে বলা হয়, জেনারেল সোলাইমানির মরদেহ বহনকারী গাড়ি ভিড়ের কারণে সহজে সামনের দিকে এগোতে পারছে না। আজ শোকার্ত জনতা খুব কাছ থেকে তাদের বীরের প্রতি শ্রদ্ধা জানাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন। জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ীতে একবার হাত বুলিয়ে দিতে পারাকে পরম সৌভাগ্য বলে মনে করছেন অনেকে।  
 
মঙ্গলবার সকালে সোলাইমানির মরদেহ তার শহর কেরমানে পৌঁছায়। দেশটির জাতীয় বীরকে শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষ কারমানের প্রধান রাস্তা ও পার্শ্ব রাস্তায় জড়ো হন। জানাজার পর সোলাইমানিকে দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়ার সময় জনশ্রোতও সেদিকে রওনা হয়। এসময় সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় ধাক্কা ধাক্কি শুরু হলে পদদলনের ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ জন নিহত ও ২শ’ ১৩ জন আহত হন। 

আরও পড়ুন: সোলাইমানির জানাজায় পদদলিত হয়ে নিহত ৪০

এর আগে সোমবার ইরানের রাজধানী তেহরানে সোলাইমানির জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় অন্তত ১০ লাখ মানুষ। তারা কালো ব্যাচ ও পোশাক পরিধান করে, পতাকা উড়িয়ে ও সোলাইমানির ছবি বুকে নিয়ে শ্রদ্ধা জানায়। এছাড়া তারা ‘আমেরিকার মৃত্যু চাই’ বলে শ্লোগান দিতে থাকে তারা। 

ইত্তেফাক/এসইউ