মুজিববর্ষ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. জাহিদ আহসান রাসেল, এমপি। মঙ্গলবার বিকালে কুর্মিটোলা গলফ ক্লাবে ক্রীড়া প্রতিমন্ত্রী গলফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন। বুধবার থেকে শুরু হয়ে এ টুর্নামেন্ট শেষ হবে ১১ জানুয়ারি।
উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ক্রীড়াঙ্গনকে সাজানো হয়েছে নানা বর্ণিল কর্মসূচি দিয়ে। এ বছর আয়োজিত হবে অন্তত ১০০টি জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট। এরই ধারাবাহিকতায় আজ শুরু হচ্ছে স্বাগতিক বাংলাদেশসহ আটটি দেশ নিয়ে মুজিববর্ষ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ। আমি এ চ্যাম্পিয়নশিপের সার্বিক সাফল্য কামনা করছি। আমি আশা করি, এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল গলফার তাদের স্ব স্ব অভিজ্ঞতা ও দক্ষতা প্রয়োগের মধ্যে দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করবে।’
মুজিববর্ষ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশসহ আটটি দেশের ২শ’ পাঁচজন গলফার অংশ নিচ্ছেন। বাংলাদেশ ছাড়া বাকি দেশগুলো হচ্ছে- আফগানিস্তান, ইরান, চীন, নেপাল, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ও ভুটান।
আরও পড়ুন: আমরা মুখরোচক প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই: প্রধানমন্ত্রী
উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছাড়াও বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মেজর জেনারেল এনায়েত উল্লাহ, মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল তাজুল ইসলাম ঠাকুর ও ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগে সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার নানা দিক তুলে ধরেন টুর্নামেন্ট ডিরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপকে মুজিববর্ষ হিসেবে নামকরণ করা হয়।
ইত্তেফাক/এমএএম
