সেদিন আমার এক শ্রদ্ধেয় মানুষকে উপহার দিতে গাছ কেনার জন্য শ্রীপুরের মাওনা বাজারে গিয়েছিলাম। একটি লিচুগাছ ১০০ টাকায় কিনে আনার সময়ই বাধ সাধল কিশোর বয়সী বিক্রেতা। বলল, গাছ কিনেছেন দশ টাকা খাজনা দিয়ে যেতে হবে। আমি বললাম, একটি গাছে দশ টাকা! ও জানাল, প্রতিটি গাছের জন্য আলাদা আলাদা ভাবেই দশ টাকা করে দিতে হয়। এরকমটা শুনলাম আরেকজনের কাছে। তিনি আক্ষেপ করে বললেন, দেখুন তো গাছ কিনতেও খাজনা দিতে হলে কিভাবে বৃক্ষরোপণ বাড়াব আমরা! গাছ কিনতে খাজনা দেওয়াকে গাছ রোপণে অনুত্সাহ সৃষ্টির কারণ বলে ভাবা হলে সেটা কি অযৌক্তিক হবে? এমনিতেই মানুষ গাছ বুনতে চায় না, সেখানে আলাদা টাকা দেওয়ার ব্যাপার থাকলে উত্সাহ তো কমতেই পারে। গাছের বিক্রি ও বিপণন বাড়ানোর জন্য গ্রামের প্রতিটি হাটে অনেক ধরনের গাছের চারা নিয়ে নার্সারির মানুষগুলো জমা হয়। ক্রেতারাও আসেন উত্সাহ নিয়েই। বিশেষ করে শিশুদের উত্সাহ ফুলগাছের প্রতি। বাচ্চাদের আনন্দ দিতে গিয়ে কেউ একটি ফুলগাছ কিনলে যদি বিশ টাকার গাছে আলাদা দশ টাকা খাজনা চাওয়া হয়, তবে এর খারাপ প্রভাব পড়বেই। আশা করি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ নেবেন।
সাঈদ চৌধুরী
শ্রীপুর, গাজীপুর
