জাবিতে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০০:০৮

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যে গতকাল দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মিছিলটি শহিদ মিনার সংলগ্ন সড়কে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘যারা এই কাজ করেছে তারা মানুষ নয়, তারা মানুষরূপী পশু। এদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। যাতে ভবিষ্যতে আর কেউ ধর্ষণের মতো কুকর্ম করার সাহস না পায়।’

অন্যদিকে বিকাল ৫টায় ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুরাদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুস্মিতা মরিয়ম বলেন, ‘গত কয়েক বছরে অনেক ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু বিচার পেয়েছে হাতেগোনা কয়েক জন। ’