একাদশ সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি অতীতের যে কোনো সময়ের চেয়ে সর্বোত্তম বলে দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেছেন, নির্বাচনে তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। সমন্বয় ও প্রস্তুতি সর্বকালের মধ্যে সবচেয়ে চমত্কার।
পুলিশের বিরুদ্ধে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টসহ বিভিন্ন মহলের নানা অভিযোগের মধ্যে গতকাল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক করেন জাবেদ পাটোয়ারী। পরে নির্বাচন ভবনের নীচতলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান, এসবির প্রধান শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম ও উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ারদার।
আইজিপি বলেন, মূলত নির্বাচন উপলক্ষে তাদের পরিকল্পনা, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনকে অবহিত করতে তারা এসেছিলেন। তাদের সর্বশেষ অবস্থা-পরিস্থিতি ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পুলিশের নিজস্ব পরিকল্পনার কথা নিয়ে কমিশনের সঙ্গে বিনিময় হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নির্বাচনে এখন পর্যন্ত যে পরিবেশ বজায় রয়েছে, সেরকম পরিবেশ বজায় থাকলে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশ মানছে না বলে ঐক্যফ্রন্ট নেতাদের অভিযোগের বিষয়ে আইজিপি বলেন, এমন অভিযোগ অবাস্তব।
২৪ ডিসেম্বরের মধ্যে বৈধ অস্ত্র জমার নির্দেশ
আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে লাইসেন্সধারী বৈধ অস্ত্র জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান। চিঠিতে বলা হয়েছে, ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের আগে সব বৈধ অস্ত্র জমা নেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন। এসব অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। তবে সরকারি বা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এই নির্দেশনার বাইরে থাকবে। নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।
