ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের আল-আসাদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী এলিট রেভুল্যুশনারি গার্ড। মঙ্গলবার রাতে ইরাকের সামরিক বিমান ঘাঁটিতে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল।
এদিকে ইরাকের ওই মার্কিন সামরিক বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের হামলার জন্য প্রস্তুত ছিল মার্কিন সেনারা। ফলে ক্ষেপণাস্ত্র হামলার পরও কোনো রকম হতাহতের ঘটনা ঘটেনি।
সর্বশেষ ২০১৮ সালে ইরাকের আল-আসাদ সামরিক বিমান ঘাঁটিতে ঝটিকা সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহ-ধর্মিনী এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সে সময়ই নিজেদের ও স্ত্রীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন ট্রাম্প।
সে সময়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, 'আমি শুধু নিজেকে নিয়েই শঙ্কিত ছিলাম না। বরং আমাদের প্রতিটি অঙ্গকে নিয়েও আমি শঙ্কিত ছিলাম। এমনকি ফার্স্ট লেডিকে নিয়েও। '
তিনি আরও বলেন, সেখানে আমাদের বিমান অবতরণের সময় সতর্কতার অংশ হিসেবে সব ধরনের আলো নেভানো থাকতো। একদম অন্ধকার। আমি এর আগে এমন কিছু দেখি নি।
ইত্তেফাক/জেডএইচডি
