গোপালগঞ্জে বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৯

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২২:৪৮

হরিদাসপুরে বাস ও মাহেন্দ্রর মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ৯ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধার কর্মীরা জানিয়েছেন।

নিহতের মধ্যে মাহেন্দ্র চালক রাজিব মোল্লা, হরিদাসপুর গ্রামের সাদ্দাম মোল্লা ও  গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া    গ্রামের মোর্শেদ গাজীর নাম জানা গেছে। অন্যদের নাম পরিচয় জানা যায়নি।  জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জ গামী গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাহেন্দ্র থ্রি-হুইলারের  সংঘর্ষে বাসটি বাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ৯ জন মারা যায়। আহত হয়েছে আরও ২০ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা উদ্ধার কাজ পরিচালনা করছে।  গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।