আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ড. কামাল হোসেন একজন নীতিহীন মানুষ। তার আদর্শিক মৃত্যু হয়েছে। তিনি বলেন, বিএনপি প্রার্থীরা ১০ বছর পর নির্বাচন করতে কিছুদিন আগে এলাকায় এসেছেন। এর আগে একদিনের জন্যও এলাকায় আসেননি। মানুষের কোন খোঁজ-খবর রাখেননি। আর ১০ বছর আগে তারা যখন ক্ষমতায় ছিলো তখন মানুষের উপরে সীমাহীন অত্যাচার করেছে। সেসব অত্যাচারের কথা শুনলে এখনও মানুষ আতংকিত হয়ে ওঠে। সেই নির্যাতিত মানুষেরা এখন বিক্ষুব্ধ হয়ে উঠায় বিএনপি প্রার্থীরা এলাকায় যেতে না পেরে উল্টো আওয়ামী লীগের উপর দায় চাপাচ্ছে। কিন্তু ভোটের মাঠের বাস্তব অবস্থা হচ্ছে নৌকার পক্ষে ১৯৭০ সালের নির্বাচনের মতো ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এবং ইলিশা ইউনিয়নের বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ১৯৭০ সালের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা এনেছিলাম জাতির জনকের নেতৃত্বে। আগামী ৩০ ডিসেম্বর আবারো নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণরায় দিয়ে বাংলাদেশের উন্নয়ন আরো ত্বরান্বিত করতে হবে।
