মার্কিন হামলায় নিহত ইরানের কুদস বাহিনীর সাবেক প্রধান কাসেম সোলাইমানির লাশ দাফন করা হয়েছে। সোলাইমানিকে হত্যার প্রতিশোধের প্রথম ধাপ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে ইরাকে দুই মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলার পর সাবেক কুদস প্রধানের লাশ তার নিজ শহর কেরমানে দাফন করা হয়। বুধবার ভোরে ‘শহীদদের কবরস্থান’-এ সোলাইমানিকে দাফন করা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভি।
গতকাল মঙ্গলবার কেরমানে সোলাইমানির তৃতীয় জানাজার পর লাশ দাফনের জন্য কবরস্থানে নেওয়ার সময় পদদলিত হয়ে অন্তত ৫০ জনের মৃত্যুর ঘটনা ঘটে। তাছাড়া প্রচণ্ড ভিড়ের কারণে লাশ দাফন অসম্ভব হয়ে পড়ে। এ অবস্থায় দাফন কাজ স্থগিত রাখা হয়। বুধবার ভোরেও সোলাইমানিকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের প্রচণ্ড ছিল। এই ভিড়কে উপেক্ষা করেই তার লাশ দাফন করা হয়।
এর আগে ইরানের তেহরান ও ইরাকের বাগদাদে সোলাইমানির জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় লাখ লাখ মানুষ।
আরও পড়ুন: ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮০ মার্কিন সেনা, দাবি ইরানের
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর নেতা কাসেম সোলাইমানিসহ অন্তত ১০ জন নিহত হন।
ইত্তেফাক/এসইউ
