শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ৩০ সদস্যের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন। জটিল এক রাজনৈতিক সংকটের পর রনিল বিক্রমাসিংহেকে ফের প্রধানমন্ত্রী পদে পুনর্বহাল করার পর গতকাল বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার ঘোষণা দিলেন তিনি। মানগালা সামারাবীরাকে অর্থমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ দিয়েছেন তিনি।
অক্টোবরের শেষ দিকে তত্কালীন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন সিরিসেনা। কিন্তু রাজাপাকসে পার্লামেন্টের সর্মথন না পাওয়ায় চরম রাজনৈতিক সংকট শুরু হয় এই দ্বীপরাষ্ট্রটিতে। পার্লামেন্ট ভেঙে সিরিসেনার নির্বাচন ঘোষণার সিদ্ধান্ত গত সপ্তাহে দেশটির সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়ার পর রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল করা হয়। সিরিসেনা অভিযোগ করেছিলেন যে, তাকে হত্যাচেষ্টার একটি তদন্তে ব্যর্থতার পরিচয় দিয়েছে বিক্রমাসিংহের সরকার। তবে বিক্রমাসিংহে এ ধরনের অভিযোগ নাকচ করেছেন। বিক্রমাসিংহের মন্ত্রিসভা ঘোষণা করা হলেও আইনশৃঙ্খলা মন্ত্রণালয় নিজের কাছেই রেখেছেন সিরিসেনা। -বিবিসি
