ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় এক ধর্ষককে গ্রেফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়স্থ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, যেখানেই অপরাধ হয়েছে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিল, সেই ধর্ষককে সর্বাত্মক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে সবার স্বস্তির বিষয় হচ্ছে, মূল ঘটনার সাথে জড়িত সে গ্রেপ্তার হয়েছে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী সত্য ভাষণ বিএনপি'র গাত্রদাহের কারণ। প্রধানমন্ত্রী সত্য কথা বলেছেন, সত্য বলার সৎ সাহস রয়েছে। ভুল ভ্রান্তি স্বীকার করার সৎসাহস রয়েছে।
আরও পড়ুন: ধর্ষক একজন ভবঘুরে হকার, শনাক্ত করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী
গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুরের টঙ্গী থেকে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র্যাব । পরে জিজ্ঞাসাবাদ শেষে র্যাব নিশ্চিত হয়-ধর্ষণের ঘটনার সঙ্গে ওই যুবকের সংশ্লিষ্টতা রয়েছে।
প্রসঙ্গত, গত রবিবার রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে অজ্ঞাত এক যুবক। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত ৩০-৩৫ বছরের এক যুবককে আসামি করা হয়।
ইত্তেফাক/আরআই
