হরর সিনেমা ‘দ্য গ্রাজ’ মুক্তি পেয়েছে হালে। দর্শক এর আগে ‘গ্রাজ’ সিরিজের বেশ কিছু হরর মুভি দেখেছেন এবং আলোড়িত হয়েছেন। গা-ছম-ছম করা ভৌতিক নানা ঘটনার সমারোহ সিরিজের প্রতিটি সিনেমাকে আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। এবারের ‘দ্য গ্রাজ’ ছবিটিও ইতিমধ্যে দর্শকমনে শিহরণ জাগিয়েছে। এখানে একজন নারী গোয়েন্দা মুলডুনের ভূমিকায় অভিনয় করেছেন ইংরেজ অভিনেত্রী আন্দ্রেয়া রাইজেনবার্গ। দর্শক তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন। নিউক্যাসেলের ওয়ালসেন্ডে তার জন্ম। মা ছিলেন একজন সেক্রেটারি আর বাবা একজন কার ডিলার। আন্দ্রেয়া বড় হয়েছেন হুইটলি বেতে। খুব অল্প বয়সেই জড়িয়েছিলেন নিউ ক্যাসেলের পিপলস থিয়েটারের সঙ্গে। একটানা বেশ কিছুদিন অংশ নিয়েছেন অনেকগুলো মঞ্চনাটকে। ফলে অভিনয়ে পারঙ্গমতা অর্জন করার সুযোগ পেয়েছেন ছোটবেলা থেকেই। স্কুলজীবন থেকে সুঅভিনেত্রী হওয়ার তালিম পেয়েছেন। ক্রমেই বেড়ে উঠেছেন যোগ্য অভিনেত্রীরূপে। রয়েল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টে অভিনয়ের ওপর অধ্যয়ন করার সুবাদে অভিনয়ে পাকা হয়ে উঠেছেন কিশোরী বয়সেই। ২০১০ সালে সিনেমায় অভিনয় শুরু করেন। ‘মেড ইন ডাগেনহ্যাম’, ‘নেভার লেট মি গো’ ছবিগুলোতে তাকে দেখা যায় ক্যারিয়ারের শুরুর দিকে। তার অভিনীত মঞ্চনাটক ‘দ্য প্রিডিট’ পুরস্কার লাভ করে। এর পেছনে আন্দ্রেয়ার অনবদ্য অভিনয় বড় ভূমিকা রেখেছিল। ‘ব্রাইটন রক’ ছবিতে হেলে মিরেন এবং জন হার্টের মতো বিখ্যাত অভিনয়শিল্পীর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। এছাড়া তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রেজিস্টেন্স’, ‘উই’, ‘শ্যাডো ড্যান্সার’, ‘ডিসকানেক্ট’, ‘ওয়েলকাম টু দ্য পাঞ্চ’, ‘অবলিভিয়ন’, ‘দ্য সাইলেন্ট স্ট্রম’, ‘হিডেন’, ‘শেফার্ডস অ্যান্ড বুচারস’, ‘নোকটুম্যাল অ্যানিমেলস’, ‘মাইন্ডহম’, ‘ব্যাটল অব দ্য সেক্সেস’, ‘দ্য ডেথ অব স্ট্যালিন’, ‘ম্যান্ডি’, ‘ন্যান্সি’, ‘বার্ডেন’, ‘দ্য কাইন্ডনেস অব স্ট্রেঞ্জার্স’ প্রভৃতি। এসব সিনেমায় তাকে বিচিত্র রোলে অনবদ্য অভিনয়ের স্বাক্ষর রাখতে দেখা গেছে। ইদানীং ‘দ্য গ্রাজ’ ছবিতে একজন নারী গোয়েন্দা সেজে ভৌতিক ঘটনার মুখোমুখি হতে দেখা গেছে তাকে। ছবিটি তাকে দর্শকদের আরো কাছাকাছি নিয়ে এসেছে বলা যায় অনায়াসেই। আগামী দিনে তাকে মাদক ব্যবসাকে কেন্দ্র করে নির্মিত ড্রামা সিরিজ ‘জিরো জিরো জিরো’-তে দেখা যাবে। ইতিমধ্যে সিরিজটির শুটিং শুরু হয়েছে। গত আট মাস ধরে শুটিং চলছে তিনটি মহাদেশের ছয়টি দেশে। ছয়টি ভাষায় সিরিজটি তৈরি হচ্ছে। তাকে আরো দেখা যাবে ‘পসেসর’ ছবিতে একজন সিক্রেট অ্যাজেন্টের চরিত্রে। এখানে তার অভিনীত চরিত্রের নাম তায়সা ভস। তার অভিনীত আরো একটি সিনেমা ‘লুইস ওয়েইন’-এর কাজ চলছে পুরোদমে। একজন গুণী অভিনেত্রী হিসেবে বেশ কিছু পুরস্কার জিতেছেন আন্দ্রেয়া রাইজেনবার্গ। যা তাকে অভিনয় জগতে পাকাপোক্ত অবস্থানে পৌঁছে দিয়েছে। আগামী দিনগুলোতে নিজেকে খ্যাতি ও জনপ্রিয়তার সুবর্ণ শিখরে নিয়ে যেতে চান এই সুঅভিনেত্রী।
