‘মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির প্রতিনিধিত্ব করছেন ড. কামাল’

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ০০:২৭

স্বাধীনতা বিরোধীদের প্রতিনিধিত্ব করছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলে মন্তব্য করেছেন একাত্তরের মুক্তিযোদ্ধা সংগঠনের চেয়ারম্যান আবীর আহাদ। তিনি বলেন, ড. কামাল হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, তিনি যে পথে হাঁটছেন এটা মুক্তিযুদ্ধের পথ নয়। এটা স্বাধীনতা প্রগতির পথ নয়। এটা ধর্মান্ধতা, স্বাধীনতার বিরোধিতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রভাব হিসেবে আমাদের মধ্যে আবির্ভূত হয়েছে। যেটা আমাদের পীড়া দেয়, আমরা দুঃখ পাই। ড. কামাল হোসেন আমাদের ইতিহাসের অঙ্গ। কিন্তু আমরা আজকে বিস্মৃত হই কি কারণে, কেন, কিসের মোহে, কিসের লোভে উনি আজকে পথভ্রষ্ট হয়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির প্রতিনিধিত্ব করছেন। এই বিষয়টা আমরা মেনে নিতে পারি না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘বীর মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. হান্নান হোসেন, সহ-সভাপতি মহিবউল ইসলাম ইদু ও সৈয়দ গোলাম মোস্তফা প্রমুখ।