স্পোর্টস রিপোর্টার
সিলেট থান্ডার্সের শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনেই বেশ উত্তেজিত মনে হয়েছিল অধিনায়ক আন্দ্রে ফ্লেচারকে। তিনি বলেছিলেন, তার দল জঘন্য ক্রিকেট খেলেছে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, ফ্লেচার ঐ রাতেই বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে দেখা করে কিছু ‘অন্যায় কাজ’-এর সন্দেহের কথা বলে গেছেন। যদিও বিসিবি এসব স্বীকার করেনি। তবে সিলেট দলের সঙ্গে সম্পৃক্ত আরেকটি সূত্র বলেছে, দলের ভেতরই এই দলের ক্রিকেট খেলার ভঙ্গি নিয়ে বেশ কিছু সন্দেহ আছে।
সিলেট দল বিপিএল ইতিহাসের একমাত্র দল, যারা পুরো মৌসুমে একটি মাত্র জয় পেয়েছে। এটা সন্দেহের কারণ নয়। সন্দেহের কারণ এই দলটির কিছু খেলোয়াড়ের কার্যকলাপ এবং মাঠে কিছু সন্দেহজনক সিদ্ধান্ত।
সিলেটের হয়ে প্রথম বিতর্ক তৈরি করেন ক্রিসমার সান্তোকি। তিনি একটি ম্যাচে বিশাল এক নো বল ও ওয়াইড করে দৃষ্টি আকর্ষণ করেন। এ নিয়ে বিসিবির আকসু তদন্তও করে। তবে সে তদন্তে কিছু পাওয়া যায়নি বলেই জানানো হয়। এরপর সিলেটের আরো অন্তত দুই জন খেলোয়াড়ের মাঠে দুটি আচরণ সন্দেহের দৃষ্টিতে দেখের পর্যবেক্ষকরা।
এসব বিষয়েই বিসিবিকে জানানোর চেষ্টা করেছেন আন্দ্রে ফ্লেচার; এমনটা দাবি করেছে একটি ইংরেজি সংবাদ মাধ্যম। কিন্তু বিসিবি থেকে বলা হয়েছে, ফ্লেচার বিপিএল কিভাবে আরো ভালো করা যায়, এ নিয়ে মত দিতে চেয়েছিলেন।
