শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় আবারও মজুরি কাঠামোতে বৈষম্যের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা বিভিন্ন কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালালে পুলিশের সাথে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় অর্ধশত কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়, বৃহস্পতিবার সকালে সাভারের হেমায়েতপুর বাগবাড়ি এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের সামস স্টাইলিং ওয়্যারস লিমিটেড ও টিসিএল-২ এর প্রায় ১৫ হাজার শ্রমিক কারখানায় প্রবেশের পর মজুরি কাঠামোতে বৈষম্যের অভিযোগ তুলে উত্পাদন বন্ধ রেখে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে সড়কে অবস্থান নিয়ে আশপাশের কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালায়। এ সময় বিভিন্ন কারখানা থেকে বের হয়ে আসা লক্ষাধিক শ্রমিক মজুরি পুনঃনির্ধারণের দাবিতে হেমায়েতপুর-সিংগাইর ও ঢাকা-আরিচা মহাসড়কের অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ শ্রমিকদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিক-পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়। পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
অন্যদিকে একই দাবিতে আশুলিয়ার কাঠগড়া এলাকার এ.আর.জিন্স প্রডিউসার লিমিটেড এবং মেট্রো নিটিং এন্ড ডাইং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরাও মজুরি বৈষম্যের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে। এক পর্যায়ে শ্রমিকরা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে কথা বলার জন্য কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি হয়নি।
শিল্প পুলিশ-১ এর পরিচালক সানা শামিনুর রহমান বলেন, শ্রমিকরা না বুঝে বেতন বৈষম্যের অভিযোগ তুলে বিভিন্ন কারখানায় বিক্ষোভ করেছে। এ সময় আমরা অনেক কারখানায় গিয়ে শ্রমিকদেরকে পুরো বিষয়টি বুঝিয়ে বললে তারা শান্ত হয়ে কাজে যোগদান করে। কিন্তু কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক তাদের অযৌক্তিক দাবিতে অনড় থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রাখে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারখানাগুলোতে সাধারণ ছুটির পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
