নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার মতো এখনো কিছু ঘটেনি

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ০০:৩০

নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার মতো এখনো কিছু ঘটেনি বলে জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রেয়াজুল হক। গতকাল বৃহস্পতিবার রংপুর সার্কিট হাউস মিলনায়তনে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

কাজী রেয়াজুল হক বলেন, এখন পর্যন্ত এমন কোন ঘটনা দেখিনি যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এবারের নির্বাচন বাঙালি জাতির জন্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই নির্বাচন অংশগ্রহণ মূলক স্বচ্ছ, গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। যা বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। আইন শৃংখলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য কাজ করে যাবেন। মাঠপর্যায়ে যারা কাজ করছেন তাদেরকেই মূল দায়িত্ব পালন করতে হবে। ভোটাররা যাতে নিরাপদ পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাসায় গিয়ে ঘুমাতে পারে।

সভায় বিশেষ অতিথির বক্তৃতায় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহারিয়ার কবীর বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন যেসব এলাকায় বেশি বাস করেন সেসব ভোটকেন্দ্রগুলোর নিরাপত্বা ব্যবস্থা জোরদার করতে হবে। ভোটের আগে থেকে এবং ভোটের পরে ওই সব এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আমরা ২০০১ সালের নির্বাচনে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা জানি। ২০১৪ সালের আগুন সন্ত্রাসের কথা জানি। এ রকম আর কিছু না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। এ সময় রাজাকার-যুদ্ধপরাধী, আগুন সন্ত্রাসীদের ভোট না দেবার জন্য ভোটারদের প্রতি আহবান জানান তিনি। সভায় রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব, অতিরিক্ত জেলা প্রশাসন এনামুল কবীর, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিশনালডি) আইজি মোহাম্মদ আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেনসহ বিশিষ্ট জনরা বক্তব্য রাখেন।