বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী সাতক্ষীরা-১ আসনের প্রার্থী মোঃ হাবিবুল ইসলাম হাবিবের বাড়িতে হামলা করার অভিযোগ উঠেছে পুলিশ ও আওয়ামী লীগের বিরুদ্ধে। এ ছাড়াও তার সমর্থকদের বাড়ি গিয়েও হামলা করছে বলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বরাবর অভিযোগ করেছেন প্রার্থী। এমতাবস্তায় কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে হাবিবুল ইসলাম হাবিব সিইসি বরাবর এই অভিযোগ করেন।
এই অভিযোগের আগে তিনি সিইসি ও একজন নির্বাচন কমিশনারের সঙ্গে দেখাও করেন। তারা সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
লিখিত অভিযোগে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি বলেন, গত ১৯ ডিসেম্বর রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত আমার নিজেরসহ অসংখ্য নেতাকর্মীর বাড়ীতে গিয়ে সারারাত কলারোয়া থানার পুলিশ ও সরকারী দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে ঘরের দরজা, জানালা ও অনেক বাড়ির আসবাব পত্র ভাংচুর করে। বিএনপি নেতাদের নাম ধরে বাড়ীর অন্যান্য সদস্যদের হুমকি দিয়েছে। গত ১৪ ডিসেম্বর কলারোয়া আমার নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের হামলায় উপজেলার সিনিয়র নেতৃবৃন্দকে রক্তাক্ত করা হয়।
অভিযোগে আরো বলা হয়, এমন তান্ডবের পরও কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ কোন পদক্ষেপ গ্রহণ না করে বরং তাদের উত্সাহিত করে নিজেকে তাদের দলীয় কর্মী হিসাবে আত্মপ্রকাশ করে। আমার নির্বাচনী কর্মকান্ড থেকে দূরে রেখে সরকারী দলের প্রার্থীকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে। এই পুলিশ কর্মকর্তাকে এই থানায় বহাল রেখে কোন নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
