ষোড়শ সংশোধনী বাতিলের রায় দানকারী বিচারপতি মইনুল ইসলাম অবসরে

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০০:৩৯

বিচারপতি অপসারণ-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল মামলার রায়দানকারী বিচারক হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী অবসরে গেছেন। গতকাল বুধবার ছিল তার বিচারিক জীবনের শেষ কর্মদিবস। এ উপলক্ষ্যে তাকে বিদায় সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন। এ সময় আইনজীবীদের উপস্থিতিতে আদালতকক্ষ ছিল কানায় কানায় পূর্ণ।

সংবর্ধনার জবাবে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে জনগণের দৃষ্টিভঙ্গির ওপর। জনগণ কী মনে করছে, বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করছে কি না, তা দেখতে হবে। জনগণ যদি মনে করে বিচার বিভাগ নিরপেক্ষভাবে কাজ করছে না, তাহলে সবকিছু অর্থহীন হয়ে পড়বে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘বিচারক হিসেবে আপনার নিরপেক্ষতা ছিল প্রশ্নাতীত। বিচারক হিসেবে আপনি যে শপথ নিয়েছেন, তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। আপনার জ্ঞান, মেধা ও দক্ষতা বিচারাঙ্গনে সর্বজনবিদিত। আরো কিছুদিন বিচারক হিসেবে দায়িত্ব পালন করলে বিচার বিভাগ সমৃদ্ধ হতো।’

বার সভাপতি এ এম আমিনউদ্দিন বলেন, ‘বিচারক হিসেবে আপনি সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, মোবাইলকোর্টের এখতিয়ারসহ নানা গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আত্মসমর্পণ না করে আপিল করতে পারেন না, সেই রায়ও আপনি দিয়েছেন, যা এখনো অনুসরণ করা হচ্ছে।’

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ১৯৮২ সালের ১৭ মার্চ সহকারী জজ হিসেবে বিসিএস (জুডিশিয়াল) ক্যাডার সার্ভিসে যোগ দেন। ১৯৯৮ সালের ১ মার্চ জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান। ২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হন। দুই বছর তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার।