বিধ্বস্তের আগে আগুন লেগে যায় ইউক্রেনের বিমানে

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৩:৪০

ইরানে বিধ্বস্ত হওয়া ইউক্রেনগামী বোয়িং-৭৩৭ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের পরে আগুন লেগে যায় বলে দাবি করেছে ইরানের তদন্তকারী দল। বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে তারা এই দাবি করে। খবর রয়টার্সের।    

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তদন্তকারী দলের পক্ষ থেকে বলা হয়, উড্ডয়নের পরই বিমানটিতে আগুন লেগে যায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়া বিমানটি তিন বছর পুরনো এবং গত ৬ জানুয়ারিতেও যান্ত্রিক ত্রুটির কারণে এর মেরামত করা হয়।

এদিকে কানাডার একটি নিরাপত্তা সংস্থা দাবি করেছে, ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ায় বিমানটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বেশ কিছু নিরাপত্তা সংস্থা জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিমানটি বিধ্বস্ত হয়েছে। এর পেছনে অন্য কোন কারণ নেই।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দুর্ঘটনার বিষয়ে তারা বিভিন্ন দিক খতিয়ে দেখছে। এছাড়া আগামী ৯ জানুয়ারি বিমান বিধ্বস্তের ঘটনায় ইউক্রেনে জাতীয়  শোক ঘোষণা করা হয়েছে। 

ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার কয়েক ঘণ্টার মধ্যে গত ৮ জানুয়ারি (বুধবার) ইউক্রেনীয় বোয়িং ৭৩৭-৮০০ বিমান তেহরানের বিমানবন্দর ছেড়ে যাওয়ার  কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় বিমানটিতে থাকা ১৮০ জন যাত্রীর সবাই নিহত হন।   

ইত্তেফাক/এআর