স্বপ্ন ও বৈপরীত্য

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৯:২৯

স্বপ্নের মধ্যে তিনি দেখলেন, বৃষ্টি হচ্ছে

স্বস্তির পরশ নিয়ে তিনি জেগে উঠলেন

বললেন, বৃষ্টি হবে।

 

অথচ তখন খরায় পুড়ছিল দেশ

মাঠ পুড়ে গিয়েছিল

ফসল পুড়ছিল তাতে

তবু তিনি বললেন, বৃষ্টি হবে।

 

তিনি বললেন, স্বপ্ন বৃথা হতে পারে না

স্লোগানের মতো বলতেই থাকলেন

                                  বৃষ্টি হবে, বৃষ্টি হবে।

 

পরদিন ঘুম থেকে উঠে তিনি দেখলেন

বৃষ্টি নয়

দাউ দাউ করে জ্বলছে আগুন।