হুইল চেয়ার ও নতুন বইয়ের ঘ্রাণ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৯:৩২

বড়ো বোনের স্কুলে যাওয়া দেখে পায়ে শক্তিহীন ছোট্ট ছেলেটির মনেও শিক্ষক হওয়ার ইচ্ছে জেগে ওঠে। শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও মনের জোর তার অনেক। যার কথা বলছি, সে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামের একটি ছেলে। নাম তার মফিজুল ইসলাম। তার বাবা তাইজুল ইসলাম জানান, জন্ম থেকেই তার পা বাঁকা এবং শক্তিহীন। প্রবল ইচ্ছাশক্তি ও মনোবল থাকায় সে এবছর গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছে। আর সবার মতো সেও জানুয়ারির প্রথম দিন বই উত্সবে গিয়েছে । নতুন বই পেয়ে তার মুখেও হাসি ফুটেছে!

বাংলাদেশে এমন অনেক শিক্ষার্থী আছে—যারা কষ্ট করে পড়েও কর্মক্ষেত্রে প্রাপ্য মর্যাদা পায় না। কেউ কেউ যোগ্যতা থাকার পরও শারীরিক প্রতিবন্ধকতার কারণে কাজই পায় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী কার্ড-সহ বিভিন্ন সেবা চালু করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত আবেদন, প্রতিবন্ধীদের পড়াশোনার জন্য বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস, ব্যাগ এবং জীবন চালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করলে তাদের জীবন আরো সহজ হবে। পড়াশোনার পাশাপাশি তাদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা জরুরি বলে মনে করি। পড়াশোনা শেষে তারা যাতে কাজে যোগদান করতে পারে, সে ব্যাপারেও সদয় দৃষ্টি আশা করছি।

সপ্তম শ্রেণি, গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি, মাওনা, শ্রীপুর, গাজীপুর