সাভারে অবৈধভাবে গড়ে ওঠা ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ৬০ লাখ টাকা জরিমানা ও ইটভাটাগুলো সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি এলাকার বুড়িগঙ্গা নদীর তীরবর্তী কৃষি জমিতে অবৈধভাবে গড়ে উঠা এসব ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়।
জরিমানা করা ইটভাটাগুলো হলো- তোহা ব্রিকস, এমবিএন ব্রিকস ও মেসার্স তাহমিনা ব্রিকস। ভাটাগুলোর প্রতিটিকে ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম বলেন, বিভিন্ন অনিয়মে তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৬০ লাখ টাকা জরিমানা করে ইটভাটাগুলো সম্পূর্ণ ভেঙ্গে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: হাতেনাতে ঘুষের টাকাসহ গ্রেফতার খাদ্য কর্মকর্তা
তিনি আরও বলেন, বায়ু দূষণের কারণে হাইকোর্ট ঢাকার আশপাশে সকল ইটভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দিয়েছেন। সেখানে বলা হয়েছে ঢাকার পার্শ্ববর্তী নদীর আশপাশে কোনো ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা যাবেনা। সেই অনুযায়ী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা সাভারে অভিযান পরিচালনা করি। এসব এলাকায় গড়ে উঠা ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও মাহাবুবুর রহমান খান, পরিদর্শক মাহমুদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।
ইত্তেফাক/এসি
