মাউরো ইকার্দির হ্যাটট্রিকে প্যারি সেন জার্মেই ফরাসি লিগ কাপের সেমিফাইনালে উঠেছে। গত বুধবার রাতে অনুষ্ঠিত খেলাটিতে পিএসজি ১০ জনের সেন্ট এটিয়েকে ৬-১ গোলে পরাজিত করে। ইন্টার মিলান থেকে ধারে খেলতে আসা ইকার্দি দ্বিতীয় মিনিটেই গোলের সূচনা করেন। এরপর ৩১ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বিপক্ষ। ফলে পিএসজির বিরুদ্ধে প্রতিরোধ গড়া সম্ভব হয়নি এটিয়ের। বিরতির আগে পিএসজি ৩-০ ব্যবধান গড়ে নেয়। এর মধ্যে নেইমারও গোল করেন একটি। গোলের বন্যায় যোগ দেন কিলিয়ান এমবাপেও। বাকি দুটি গোল ইকার্দির। এ নিয়ে ফরাসি রাজধানীতে আসার পর ১৯ খেলায় ১৭ গোল করেছেন এই আর্জেন্টাইন।
