‘নাইকো’ দুর্নীতি মামলা

খালেদা জিয়াকে নির্দোষ ঘোষণা করেছে আন্তর্জাতিক আদালত : রিজভী

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ০০:৩৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, কানাডিয়ান কোম্পানি ‘নাইকো’র সঙ্গে গ্যাস নিয়ে তত্কালীন বিএনপি সরকার যে চুক্তি করেছিল, সেই চুক্তিতে খালেদা জিয়া দুর্নীতি করেছেন এটা প্রমাণে মরিয়া হয়ে উঠেছে সরকার। এ মামলায় খালেদা জিয়াকে ফাঁসানোর জন্য কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে বসানো হয়েছে অস্থায়ী আদালত। দেশে লাখ লাখ মামলা বিচারাধীন থাকলেও শুধু খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা নিয়ে সরকারের তড়িঘড়ি প্রমাণ করে তারা আরেকটি ভুয়া অভিযোগে ভুয়া রায় চায়। অথচ নাইকো মামলায় আসলে কোনো দুর্নীতিই হয়নি। ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি এই রায় দিয়েছে আন্তর্জাতিক সংস্থা, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (আইসিএসআইডি)’র আওতাধীন প্রতিষ্ঠান আন্তর্জাতিক বিনিয়োগ সালিশি ট্রাইব্যুনাল।

গতকাল বিকালে বিএনপির নয়া পল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী একথা বলেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুস, ওবায়দুল ইসলাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

রিজভী ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিস্তারিত তুলে ধরে বলেন, এই রায়ে বলা হয়েছে কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে গ্যাস নিয়ে তত্কালীন বিএনপি সরকার যে চুক্তি করেছিল তাতে কোনো রকমের দুর্নীতি হয়নি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং অন্যদের বিরুদ্ধে এ মামলায় যে অভিযোগ আনা হয়েছে তার কোনো রকমের প্রমাণ বা ভিত্তি নেই।