ভারতের কেন্দ্রীয় সরকারের ব্যবস্থাপনায় জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি পরিদর্শনে দুই দিনের সফরে গেছেন নয়াদিল্লিতে দায়িত্বরত ১৫টি দেশের কূটনীতিকরা। তবে কূটনীতিকদের সফরকে ‘গাইডেড ট্যুর’ বলে সমালোচনা করেছে বিরোধীরা। খবর :হিন্দুস্তান টাইমস।
গতকাল নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার জানান, ভারতে কর্মরত যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ, মালদ্বীপ, মরোক্কো, ফিজি, নরওয়ে, ফিলিপাইন, আর্জেন্টিনা, পেরু, নাইজার, নাইজেরিয়া, টোগো এবং গায়ানার কূটনীতিকরা উপত্যকার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তুষ্ট হয়েছেন। গতকাল শ্রীনগর বিমানবন্দরে বিদেশি কূটনীতিকদের দল পৌঁছানোর পরে প্রথমে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। সন্ত্রাসবাদী হুমকির মুখে উপত্যকায় নিরাপত্তা নিশ্চিত করতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে সম্পর্কে তাদের বিস্তারিত জানানো হয়।
তবে সরকারের এই উদ্যোগের সমালোচনা করেছেন বিরোধীরা। তাদের অভিযোগ, দিল্লির ঠিক করে দেওয়া পরিকল্পিত সফরসূচি অনুযায়ী তৈরি এই সফরে দীর্ঘ নিষেধাজ্ঞা কবলিত উপত্যকার প্রকৃত পরিস্থিতি বোঝা বহিরাগতদের পক্ষে সম্ভব নয়। বিদেশি কূটনীতিকদের মুখ দিয়ে জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে বলে প্রচারের উদ্দেশে ‘গাইডেড ট্যুর’ এর পরিকল্পনা করা হয়েছে। কংগ্রেস নেতা মনিশ তিওয়ারি বলেন, আসলে সরকার দেখাতে চাইছে যে, সবকিছু স্বাভাবিক রয়েছে, যা আদৌ সত্যি নয়।
