দিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় নতুন মোড় নিয়েছে। বিশ্ববিদ্যালয় হোস্টেলে হামলায় অভিযুক্ত ঐশী ঘোষ ছাড়াও অন্যদের ছবি প্রকাশ করেছে দিল্লি পুলিশ।
৫ জানুয়ারি দিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয়ের এ হামলায় হামলাকারীরা মুখোশ পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় শুক্রবার ৯ জনকে সন্দেহভাজন চিহ্নিত করে কয়েকজনের ছবি প্রকাশ করে দিল্লি পুলিশ।
জানা যায়, অভিযুক্তদের ভিতর অধিকাংশই বাম ছাত্রনেতা। গত রবিবার ৫ জানুয়ারি সন্ধ্যার হামলার পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এর নিন্দা জানায়।
প্রসঙ্গত, জেএনইউয়ের হোস্টেলের ফি বাড়ানোর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় চত্বরে আন্দোলন চলছিল। সেই আন্দোলনকে কেন্দ্র করে রবিবার সেখানে একটি সংঘর্ষ হয়। ওই ঘটনাকে ইঙ্গিত করেই দিল্লি পুলিশ অভিযুক্ত চুনচুন কুমার, পঙ্কজ মিশ্র, ঐশী ঘোষ, ওয়াসকার বিজয়, সুচেতা তালুকদার, প্রিয়া রঞ্জন, দোলন সাওয়ান্ত, যোগেন্দ্র ভরদ্বাজ এবং বিকাশ প্যাটেলের নাম উল্লেখ করে হামলার অভিযোগ আনেন।
ঐশী ঘোষ বাম-নিয়ন্ত্রিত জেএনইউ ছাত্র ইউনিয়নের সভাপতি এবং যোগেন্দ্র ভরদ্বাজ এবং বিকাশ প্যাটেল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় ছাত্র পরিষদ বা এবিভিপি এর সদস্য বলে জানা যায়।
ঘটনার প্রাথমিক তদন্তের পর দিল্লি পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের হোস্টেল বর্ধিত ফিসহ অন্যান্য ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করছিল ছাত্ররা। সেই সময়েই অনলাইন রেজিস্ট্রেশন বন্ধ করতে এবং তাদের বিক্ষোভ তথা ধর্মঘটকে কার্যকর করতে জেএনইউয়ের সার্ভার রুমে ঢুকে হামলা চালান ঐশী ঘোষ এবং অন্য বাম ছাত্রনেতারা।
যদিও পুলিশ স্বীকার করেছে যে রবিবারের ঘটনার সিসিটিভি ফুটেজ, ভিডিও রেকর্ডিং এবং প্রত্যক্ষদর্শীর অভাবে এই হামলার পিছনে থাকা মুখগুলোকে চিহ্নিত করতে বেশ অসুবিধাই হয়েছিল তাদের। ঘটনার পরপরই জানা যায় যে ঐশী ঘোষ ও আরও ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।
ইত্তেফাক/এমএএম
