দুই দিনের জাতীয় কবিতা উত্সব শুরু পহেলা ফেব্রুয়ারি

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২২:১০

ইত্তেফাক রিপোর্ট

‘মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি’ এই প্রতিপাদ্যে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনের জাতীয় কবিতা উত্সব। আগামী পহেলা ফেব্রুয়ারি শুরু হচ্ছে ৩৪তম জাতীয় কবিতা উত্সব। চলবে পরদিন ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের অনুষ্ঠানে সাতটি দেশ থেকে কবিরা যোগ দেবেন। জাতীয় কবিতা পরিষদের অনুষ্ঠান উদ্বোধন করবেন দেশের বরেণ্য কবি মহাদেব সাহা। এই উত্সবে তিন জন ভাষাসংগ্রামী প্রবীণ কবিকে ‘জাতীয় কবিতা পরিষদ সম্মাননা’ দেওয়া হবে। তারা হলেন—কবি আহমদ রফিক, গীতিকবি আবদুল গাফ্ফার চৌধুরী ও কবি বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জাতীয় কবিতা পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, শিহাব সরকার, দিলারা হাফিজ, আনজীর লিটন, কাজী রোজী, আমিনুর রহমান সুকারণ, আসলাম সানি, বুলবুল মহলানবীশ, নাহার ফরিদ খান, মুস্তাফা মজিদ, ফয়জুল আলম পাপপু, হানিফ খান, এম. আর. মনজু, রিফাত আরা শাহানা, মৃত্তিকা গুণ, হাসনাইন সাজ্জাদী, শিখা সরকার, ইউসুফ রেজা, আতিক আজিজ, ফনীন্দ্রনাথ রায়, ফারুক প্রধান, শরাফত হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, মুজিববর্ষ উপলক্ষ্যে ৬৪ জেলায় কবিতা উত্সবের আয়োজন করা হবে।