'ইউক্রেনের বিমান বিধ্বস্তের জন্য দায়ী মার্কিনিদের হঠকারিতা'

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১১:০৪

মার্কিন হঠকারিতার জন্য তেহরানের ইমাম খামেনি বিমান বন্দর থেকে উড্ডয়নের পর ইউক্রেনগামী বোয়িং-৭৩৭ বিমান পিএস ৭৫২ বিধ্বস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ। শনিবার এক টুইট বার্তায় এমন মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। 

টুইট বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি বেদনাদায়ক দিন। সেনাবাহিনীর প্রাথমিক তদন্ত শেষে আমরা জানতে পেরেছি মার্কিন হঠকারিতার জন্য তৈরি হওয়া মানবিক ভুলের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। 

এদিকে ইরান সেনাবাহিনীও স্বীকার করে নিয়েছে ভুল করেই ইউক্রেনগামী বিমানটিতে হামলা করা হয়। গত বুধবার ৮ জানুয়ারি ইরানের খামিনি বিমানবন্দর থেকে উড্ডয়নের সঙ্গে সঙ্গে বিধ্বস্ত হয় ইউক্রেনগামী পিএস৭৫২ বিমানটি।  এতে বিমানের ১৭৬ যাত্রী ও ক্রুর সবাই প্রাণ হারান। তাদের মধ্যে ইরানের ৮২, কানাডার ৬৩, ইউক্রেনের ১১, সুইডেনের ১০, চারজন আফগানিস্তান, তিনজন জার্মানি এবং অপর তিনজন ব্রিটিশ নাগরিক ছিলেন। ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটে।বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কানাডা, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ইরানকে দায়ী করে। তবে ইরানের দাবি ছিল, যান্ত্রিক ত্রুটির কারণেই ইউক্রেনের বিমানটি বিধ্বস্ত হয়।

ইত্তেফাক/এআর