ইরাক থেকে সেনা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৩:৫৬

ইরাক থেকে সেনা প্রত্যাহারের কোন ইচ্ছা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাক সরকারের পক্ষ থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার বিষয়ে অনুরোধের জবাবে শুক্রবার ওয়াশিংটনের পক্ষ থেকে এমনটি জানানো হয়।পাশাপাশি দেশটিতে ন্যাটো সেনা আরো বাড়ানোর পরিকল্পনার কথাও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে।  

জানা গেছে, গেলো বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সঙ্গে ফোনালাপে ইরাক পার্লামেন্টে পাস হওয়া বিলের ভিত্তিতে সেনা প্রত্যাহারের বিষয়ে অনুরোধ করেন ইরাকি প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি । তবে মার্কিন সরকারের পক্ষ থেকে ইরাকে সেনা মোতায়েনের বিষয়টিকে সঠিক বলে দাবি করা হয়েছে।  এদিকে মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম ফক্স নিউজকে জানিয়েছেন, ইরাক যদি মার্কিন সেনা প্রত্যাহার করতে চায় তাহলে আমরা যা সেখানে খরচ করেছি তা ফেরত দিতে হবে। 

গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে রকেট হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। এরপরই মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে একটি বিল ইরাক পার্লামেন্টে পাস হয়।এদিকে শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এই হামলায় ইরানের পক্ষ থেকে ৮০ মার্কিন সেনা নিহত হওয়া ইরানের দাবি নাকোচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।   

ইত্তেফাক/এআর