যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে ভিন্ন শিরোনামের খবরে প্রায় পাওয়া যায়। রাজনীতির বাইরেও তিনি নিজের ভালোলাগা থেকে বিভিন্ন গল্পের নায়ক হয়ে ওঠেন। ঠিক তেমনই এক গল্পে আবারো উঠে এলো তার নাম। হাসপাতালে ভর্তি অসুস্থ শিশুদের সামনে চমক নিয়ে হাজির হলেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। বুধবার ওয়াশিংটনে ফাদার ক্রিসমাস সেজে শিশুদের আনন্দ দেন তিনি। সান্তা টুপি পড়ে দু-হাত ভর্তি উপহার নিয়ে ওবামা চিলড্রেন’স ন্যাশনাল হাসপাতালে যান। শিশুরা তাকে এই রূপে দেখে উত্ফুল্ল হয়ে ওঠে। তিনি তাদের উপহার দেন ও জড়িয়ে ধরেন।
নিজস্ব টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন ওবামা। শেয়ারকৃত ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ওবামা। সেখানে তিনি আরো লিখেছেন, ‘চমত্কার কিছু বাচ্চা আর তাদের পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। দুই মেয়ের বাবা হিসেবে আমি উপলব্ধি করতে পারছি সেখানকার নার্স, কর্মী, চিকিত্সক ও অন্য মানুষরা তাদের কতটা যত্ন নিচ্ছে। এটাই সেখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
টুইটারে চিলড্রেন’স ন্যাশনাল হাসপাতাল কর্তৃপক্ষও ওবামাকে ধন্যবাদ জানিয়েছে। তারা লিখেছে, ‘আমাদের রোগীদের দিনটিকে এতটা উজ্জ্বল করে দেওয়ার জন্য ধন্যবাদ বারাক ওবামা। আচমকা আপনার এ আগমন আমাদের এ স্থানকে উষ্ণ করে তুলেছে এবং সবার মুখে হাসি ফুটেছে! আমাদের রোগীরা আপনার সঙ্গ ও উপহার পছন্দ করেছে।’
ওবামা হাসপাতালের স্টাফদের বলেন, ‘আমি শুধু আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।’ অসুস্থ শিশুদের আনন্দ দিতে ফাদার ক্রিসমাস সাজেন ওবামা। গতবছর তিনি সান্তা সেজে একটি বয়েজ অ্যান্ড গার্লস স্কুলের শিক্ষার্থীদের আনন্দ দেন।
