চট্টগ্রাম অফিস
বোয়ালখালী উপজেলা, মহানগরীর চান্দগাঁও ও পাঁচলাইশের ছয়টি ওয়ার্ড থানা নিয়ে গঠিত জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্রগুলোতে গতকাল শনিবার মক ভোটিং অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১০টা থেকে ইভিএমের মাধ্যমে শুরু হওয়া মক ভোটিং কার্যক্রম বিকাল ৪টা পর্যন্ত চলে। স্থানীয় ভোটারদের সচেতন করতে এবং ভোটদানে যান্ত্রিক সমস্যা দূর করতে মক ভোটিং করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
আগামীকাল সোমবার এ আসনে ১৭০টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ১৭০টি কেন্দ্রেই মক ভোটিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভোটাররা কীভাবে ইভিএমে ভোট দেবেন, সেটা শেখানোর জন্য এই মক ভোটিং। জাতীয় পরিচয়পত্র নিয়ে অথবা সশরীরে গিয়ে পরীক্ষামূলক তারা ভোট দিতে পারবেন।
