যার হাতে অস্ত্র থাকে তার বিচারিক ক্ষমতা থাকে না: ইসি রফিকুল ইসলাম

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৪

নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম বলেছেন, ‘বিচারিক ক্ষমতা পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীর নাই। যার হাতে অস্ত্র থাকে তার কিন্তু বিচারিক ক্ষমতা থাকে না। কারণ বাংলাদেশের সংবিধান তা অনুমোদন করে না।’

শুক্রবার দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচনে ‘নারীদের সুরক্ষা ও নিরাপত্তা’ বিষয়ক সচেতনতা কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যদি কোন অঘটন ঘটে, তা হলে সেনাবাহিনী যেমন যে কোন লোককে গ্রেফতার করতে পারে, সহিংস ঘটনা ঘটলে তারা গুলিও চালাতে পারে এবং প্রায়োজনে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নির্দেশনা নিতে পারে। আর জীবন ও জানমালের রক্ষার জন্য এমনিতে গুলি চালাতে পারে; গ্রেফতার করতে পারে। আইন তা অনুমোদন দেয়। এখানে বিচারিক ক্ষমতা মুখ্য বিষয় নয়।’

আরো পড়ুন: ঠাকুরগাঁওয়ে হিন্দু বাড়িতে আগুন দেওয়ার তথ্য সত্য নয়: ইউএনও

আদালতের নির্দেশে বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল হওয়ায় বিএনপির পুনঃতফসিল দাবির প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘আইন খতিয়ে দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।’

ইসি বলেন, ‘শুধু নারী নয় সকলে যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন, তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা আমরা নেব।’

নির্বাচন কমিশন আয়োজিত এ কর্মশালায় বক্তব্য দেন বিভাগীয় কমিশনার নুর উর রহমান ও রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ