প্রধানমন্ত্রীর সঙ্গে আবুধাবি সফরসঙ্গী হওয়ায় দিল্লি যাচ্ছেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ০০:৩৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবুধাবিতে সফরসঙ্গী হওয়ায় নয়াদিল্লিতে একটি সেমিনারে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। নয়াদিল্লির বেসরকারি সংগঠন অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) ১৪ জানুয়ারি ‘রাইসিনা ডায়লগ’ এ যোগ দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানায়। কিন্তু আজ রবিবার তিন দিনের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আবুধাবি যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আবুধাবি সফরসূচির সঙ্গে নয়াদিল্লির রাইসিনা ডায়লগের কর্মসূচি মিলে যাওয়ায় প্রতিমন্ত্রী নয়াদিল্লি যেতে পারছেন না। ডায়লগের আয়োজক ওআরএফকে এ ব্যাপারে আগেই জানানো হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়। প্রতিমন্ত্রীর নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক কোনো কর্মসূচিও ছিল না।

সূত্র জানায়, পশ্চিমবঙ্গের আনন্দবাজারসহ কয়েক সংবাদ মাধ্যমে এ বিষয়টি নিয়ে বিভ্রান্তির সংবাদ প্রকাশিত হয়। প্রতিমন্ত্রীর দিল্লির রাইসিনা ডায়লগে অপারগতার সঙ্গে অন্য কিছুর কোনো যোগসূত্র নেই বলে সূত্রটি জানায়।