মার্কিন বহরে তালেবানের হামলা, দুই সেনা নিহত 

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৩:০৮

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহারপ্রদেশে মার্কিন সামরিক বহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২ মার্কিন সেনা নিহত হয়েছে। আহত আরও ২ জন। শনিবার মার্কিন সেনারা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

তবে মার্কিন সেনাদের পক্ষ থেকে নিহত ২ সেনার পরিচয় প্রকাশ করা হয়নি। 

খবরে বলা হয়েছে, রাস্তার পাশে পেতে রাখা বোমা দিয়ে মার্কিন সামরিক বাহিনীর ওপর হামলা করা হয়। ইতিমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে তালেবান। 

তালেবানের এক মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এই হামলা কান্দাহারপ্রদেশের দান্দ এলাকায় তালেবানরা চালিয়েছে বলে জানায়।  

সম্প্রতি হেরাতপ্রদেশে মার্কিন বিমান হামলায় মোল্লা নাঙ্গালাই নামে এক তালেবান কমান্ডার নিহত হন। ওই হামলায় ৬০ জনেরও বেশি বেসামরিক নাগরিকও মারা যায়।   

ধারণা করা হচ্ছে, এর প্রতিশোধ নিতেই কান্দাহারপ্রদেশে এ হামলা চালিয়েছে তালেবান। ইউরো নিউজ, এপি, আল জাজিরা। 

ইত্তেফাক/এসআর