অবশেষে বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভার্দের কপাল পুড়তে যাচ্ছে। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন জাভি হার্নান্দেজ। এমনটাই বলছে, ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম গোল। তবে জাভি কবে থেকে মেসিদের দায়িত্ব নিচ্ছেন সংবাদ মাধ্যমটি তা নিশ্চিত করতে পারেননি। সোমবার (১৩ জানুয়ারি) বার্সার বোর্ড মিটিং রয়েছে সেই মিটিংয়ে কোচের ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করছে সংবাদ মাধ্যমটি।
আগামী ১৭ জানুয়ারি কাতার কাপের ফাইনাল খেলবে আল সাদ। বর্তমানে এই ক্লাবের কোচের দায়িত্বে রয়েছেন জাভি হার্নান্দেজ। বার্সার কোচের দায়িত্ব নেওয়ার ব্যাপারে আলোচনা করতে বার্সার টেকনিক্যাল সেক্রেটারি এরিক আবিদাল কাতারে গিয়েছিলেন। আলোচনায় জাভি বলেন, বার্সার কোচ হওয়া তার স্বপ্ন।
কাতার কাপের ফাইনালের আগে ভালভার্দেকে ছাঁটাই কিংবা নতুন কোচ হিসেবে জাভির সাথে চুক্তির ব্যাপারে কিছু প্রকাশ করতে চাচ্ছে না বার্সেলোনা। জাভি চলতি মৌসুমেই নাকি মৌসুম শেষে বার্সার দায়িত্ব নেবেন তা এখনও নিশ্চিত করেনি বার্সা।
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয় বার্সেলোনা। গত দুই আসরে চ্যাম্পিয়ন লিগের নক আউট থেকে বিদায় নেওয়ায় বার্সার কোচ ভালভার্দের চেয়ার ভেঙে যায় বলে ধারণা করা হচ্ছে। যদিও চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা।
ইত্তেফাক/এসআই
