তারপরও খেলতে চান মাশরাফি
স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে গত শনিবার রাতে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মাশরাফি বিন মুর্তজা। বাঁ হাতের তালুতে ব্যথা পান ঢাকা প্লাটুনের অধিনায়ক। তার হাতে ১৪টি সেলাই পড়েছে। বোলিংয়ের হাতে ইনজুরি নয় বলে আজ এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলতেও পারেন মাশরাফি। তার ইনজুরি আনপ্লেয়েবল নয় বলে মনে করে বিসিবির মেডিক্যাল বিভাগ। ম্যাচের গুরুত্ব বিবেচনায় মাশরাফি খেলতে চাইলে, বাধা দিবে না বিসিবি।
শনিবার রাতে সেলাই দেওয়ার সময়ই মাশরাফি হাসপাতালে উপস্থিত সবার সামনে বলেছিলেন পরের ম্যাচ খেলবেন তিনি। বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘ওর হাতে যে চোট তা আনপ্লেয়েবল নয়। ম্যাচের গুরুত্ব বিবেচনা করে উনি যদি খেলতে চান আমরা ব্যবস্থা করে দেব।’
যদিও ঢাকা প্লাটুন কিছুটা দ্বিধান্বিত যে, এই অবস্থায় মাশরাফিকে খেলানো ঠিক কি না। তবে দলের অধিনায়কের খেলার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন ঢাকার ম্যানেজার আহসানউল্লাহ হাসান। গতকাল তিনি বলেছেন, ‘এই চোট নিয়েও সে খেলতে ইচ্ছুক। সে খেলতে ভীষণ ইচ্ছুক। আমরা বুঝতে পারছি না কী করব।’
শনিবার রাতে মিরপুর স্টেডিয়ামে ঢাকার দেওয়া ২০৬ রানের টার্গেটে ব্যাট করছিল খুলনা। মেহেদী হাসানের করা ইনিংসের ১১তম কভারে ফিল্ডিং করছিলেন মাশরাফি। রাইলি রুশোর সজোরে মারা একটি শট ক্যাচ ধরতে ডাইভ দিয়েছিলেন তিনি। বল তালুবন্দি করতে পারেননি তিনি। তীব্র গতিতে আসা বল তার হাতে লেগে চলে যায় বাউন্ডারির দিকে। তখনই তার বাঁ হাতের তালু ফেটে যায়। রক্ত পড়তে শুরু করে। ফিজিও এসে দ্রুত মাশরাফিকে বাইরে নিয়ে যান। পরে আর মাঠে ফেরা হয়নি তার। মাঠ থেকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ম্যাচের শেষদিকে ব্যান্ডেজসহ আবার স্টেডিয়ামে ফেরেন তিনি। ম্যাচে ৩ ওভার বোলিং করে ২৬ রান দিয়েছিলেন মাশরাফি। রান বন্যার ম্যাচে তার দল ঢাকাও হেরেছিল। নাজমুল হোসেন শান্তর বিধ্বংসী সেঞ্চুরিতে ঢাকাকে ৮ উইকেটে হারিয়েছিল খুলনা। এই পরাজয়ের কারণেই প্লে-অফের চতুর্থ অবস্থানে চলে যায় ঢাকা।
তাই আজকের এলিমিনেটর ম্যাচটিও ঢাকার জন্য বাঁচা-মরার লড়াই। চট্টগ্রামের বিপক্ষে আজ হারলেই বিপিএল থেকে ছিটকে পড়বে ঢাকা। অধিনায়ক হিসেবে এমন ম্যাচ মিস করতে চান না মাশরাফি। তাই তো ১৪টি সেলাই নিয়েও মাঠে নামার ইচ্ছা লড়াকু এই ক্রিকেটারের।
