ইত্তেফাক রিপোর্ট
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে রাজধানীতে চলছে অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে উত্সবের অংশ হিসেবে গতকাল শুরু হয়েছে ‘ষষ্ঠ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’। রবিবার সকালে ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে আয়োজিত এ কনফারেন্সের উদ্বোধন করেন আমেরিকান চলচ্চিত্র উত্সব কিউরেটর, লেখক সিডনি লেভিন। আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, অস্ট্রেলিয়ান অভিনেতা ও নির্মাতা রোবেন হিউগেন, পোলিস নির্মাতা জোয়ানা ক্রিস-ক্রাউজে এবং বার্লিন চলচ্চিত্র উত্সবের কো-অর্ডিনেটর মিনাক্ষী সিন্দী। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন অভিনেত্রী ও সংগঠক বন্যা মির্জা এবং চৈতালী সামাদ্দার।
কর্মশালায় দেশি বিদেশি নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের নারী নির্মাতাগণের কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ এবং উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ভালো চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে অর্থ একটি বড়ো বিষয়। সে ক্ষেত্রে আন্তর্জাতিক ফান্ডিং সংস্থাগুলোর চাহিদা ও শর্তাবলির বিবেচনা দরকার। তাছাড়া, পৃথিবীর খ্যাতিমান চলচ্চিত্র উত্সবগুলোর গুণগতমান, কাঠামো ও মার্কেটিং পলিসিগুলোর ওপর নজর রাখতে হবে।
এ ছাড়াও চলচ্চিত্রে নারীর অবস্থান, নারী নির্মাতাদের মধ্যে তরুণ প্রজন্মের উত্থান, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা তুলে ধরা হয়। সাধনা গ্রুপের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স। দুই দিনের এই কর্মশালা আজ সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলবে।
