ঢাকায় হলিউডের দুই ছবি মুক্তি

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২০:৩১

 

বিশ্বের অন্যান্য শহরের পাশাপাশি ঢাকাতেও মুক্তি পেল হলিউডের দুটি ছবি। ‘ট্রান্সফর্মারস’ সিরিজের আলোচিত নতুন ছবি ‘বাম্বলবি’। ব্লকবাস্টার সিনেমাস ও স্টার সিনেপ্লেক্সে গতকাল ছবিটি মুক্তি পেয়েছে। প্রতিদিন ৫টি করে শো চলবে ‘বাম্বলবি’র। ছবিটির পরিচালক ট্রেভিস নাইট, চিত্রনাট্য করেছেন ক্রিস্টিনা হডসন। মার্কিন কুস্তিগির জন সিনা অভিনয় করেছেন ‘বাম্বলবি’র প্রধান চরিত্রে। আরো আছেন হাইলি স্টাইনফেল্ড, ডিলান ও ব্রিটেন, জাস্টিন থেরোসসহ অনেকেই। পুরোপুরি অ্যাকশন ও অ্যাডভেঞ্চার ঘরানার ছবি এটি। ছবিটির ট্রেলারে দেখা যায়, একটি পরিত্যক্ত জায়গা থেকে বাম্বলবিকে উদ্ধার করে ওয়াটসন। এরপর সে আবিষ্কার করে তার গাড়িরও রয়েছে মানুষের মতো চোখ! এরপরই রোবটে পরিণত হয় বাম্বলবি। পরে বাম্বলবির সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে ওয়াটসনের। অন্যদিকে আন্তর্জাতিকভাবে গতকাল মুক্তি পেয়েছে ‘অ্যাকুয়াম্যান’। একইদিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসেও মুক্তি পেয়েছে এ ছবিটি। জেমস ওয়ান পরিচালিত চলচ্চিত্র ‘অ্যাকুয়াম্যান’-এর মাধ্যমে নতুন করে সাজতে চলছে ডিসি কমিকস। নির্মাণের শুরু থেকেই আলোচনা তৈরি করে ‘অ্যাকুয়াম্যান’। এর বাইরে অন্য একটি কারণও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। তা হলো এ ছবিতেই অভিনয় করেছেন গেম অব থ্রোনস খ্যাত তারকা অভিনেতা জেসন মোমোয়া। তার সঙ্গে দেখা যাবে নিকোল কিডম্যানকে।