কবি মুশাররাফ করিম আর নেই

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২২:০৪

ষাটের দশকের আইয়ুব বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা, ময়মনসিংহ সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি, বিরিসিরি উপজাতীয় কালচারাল একাডেমির সাবেক পরিচালক, দৈনিক দিনকালের সাবেক মফস্বল সম্পাদক এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মুশাররাফ করিম (৭৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাতে তিনি ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি  হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও একমাত্র কন্যা রেখে গেছেন। গতকাল রবিবার বাদ জোহর ময়মনসিংহের চরপাড়ায় জামিয়া ইসলামিয়া মাঠে তার জানাজা শেষে ভাটিকাশর পৌর কবরস্থানে দাফন করা হয়।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে কবি মুশাররাফ করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।