সারাদেশে কনকনে ঠান্ডার প্রকোপ থাকতে পারে শুক্রবার অবধি

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২২:৩২

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ ছাড়াই গতকাল রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় ছিল কনকনে ঠান্ডা। দেশের অধিকাংশ এলাকায় দিনভর সূর্য আলো ছড়ালেও তাপমাত্রা তেমন বাড়েনি। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, সারাদেশে শৈত্যপ্রবাহ গতকাল থেকে আবারও শুরু হয়েছে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের এই প্রকোপ থাকবে আরো কয়েকদিন। বৃহস্পতিবার বা শুক্রবার থেকে বিরাজমান পরিস্থিতির কিছুটা উন্নতি হবে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও তত্সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগের ইশ্বরদীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, তা দেশের কোথাও কোথাও বিকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।