ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীসহ একটি টিম দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। এর আগে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রাজীবকে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়।
দুদক সূত্র জানায়, গত ৬ নভেম্বর কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে ২৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, রাজীব ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯০৫ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। দুদক গত ২ জানুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে রাজীবের ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত রাজীবের চার দিনের রিমান্ড মঞ্জুর করে। গতকাল ঐ রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রসংগত, চলমান শুদ্ধি অভিযান চলাকালে গত ১৯ অক্টোবর রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় রাজীবকে। অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয় তার বিরুদ্ধে।
