সাভারে দুই গ্রুপের সংঘর্ষে মাহফুজুর রহমান মাফু (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো বেশ কয়েক জন। গতকাল রবিবার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের অন্ধ মার্কেটের নিচে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে মাফুর সঙ্গে তার প্রতিপক্ষের সংঘর্ষ হয়। একপর্যায়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মাফুকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। খবর পয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করেন। মাফুর সারা শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকেরা।
সাভার থানার ওসি এ এফ এম সায়েদ জানান, মাফুর বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। ইতিপূর্বে তিনি একাধিকবার গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেছেন। তার বাড়ি কুমিল্লা জেলায়। তিনি পৌর এলাকার শাহীবাগে পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
