পৃথিবীর বুকে নিজ প্রজাতিকে নিশ্চিহ্ন হওয়ার হাত রক্ষার যুদ্ধে সফল হয়ে অবশেষে বন্য জীবনে ফিরতে যাচ্ছে বিরল প্রজাতির একটি কচ্ছপ। তার একার কল্যাণেই মাত্র দুইটি পুরুষ ও ১২টি নারী থেকে এই প্রজাতির কচ্ছপের সংখ্যা এখন দুই হাজারেরও বেশি।
বিরল প্রজাতির এই কচ্ছপের ডাক নাম 'দিয়েগো'। বিরল প্রজাতির প্রাণী রক্ষার্থে প্রজনন কর্মসূচির অধীনে তাকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সেন দিয়েগো চিড়িয়াখানা থেকে প্রশান্ত মহাসাগরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের এস্প্যানোলায় নিয়ে আসা হয়। এ সময় এই দ্বীপে দিয়েগোর প্রজাতির মোট দুইটি পুরুষ ও ১২টি নারী কচ্ছপ অবশিষ্ট ছিল। আর তার অসামান্য প্রজনন ক্ষমতার ফলে দ্বীপটিতে এই প্রজাতির কচ্ছপের সংখ্যা এখন দুই হাজারেরও বেশি। গ্যালাপাগোস জাতীয় উদ্যান কর্তৃপক্ষের বিশ্বাস, এই জনসংখ্যার প্রায় ৪০ শতাংশের পূর্বপুরুষ প্রায় ১০০ বছর বয়সী পুরানো কচ্ছপ দিয়েগো।
গ্যালাপাগোস জাতীয় উদ্যানের পরিচালক জর্জ ক্যারিয়ন বলেন, 'নিজ প্রজাতি রক্ষায় এক অসামান্য ভূমিকা পালন করেছে দিয়েগো। তাই তাকে নিয়ে আমরা এস্প্যানোলায় ফিরে যাচ্ছি। এরপর তাকে তার নিজ প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে, যা সত্যি আনন্দের।'
আরও পড়ুন: একজন বুদ্ধিমান ব্যক্তিকে বিয়ে করেছি: মিথিলা
তিনি আরো বলেন, 'এখন পর্যন্ত প্রায় ১ হাজার আটশ কচ্ছপকে এস্প্যানোলায় স্থানান্তরিত করা হয়েছে। প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়ায় এখন সেখানে দুই হাজারের মতো কচ্ছপ রয়েছে। এই সংখ্যা এইটাই প্রমাণ করে যে, তারা এখনো বেড়ে উঠতে সক্ষম, প্রজননে সক্ষম এবং উন্নতি সম্ভব।'
জানা যায়, মোট ১৫টি বিরল প্রজাতির কচ্ছপ অংশ নেয় এই প্রজনন কর্মসূচিতে। তবে তাদের কেউই দিয়েগোর মতো এতো বড় সাফল্য পায়নি।
উল্লেখ্য, পৃথিবীর জীববৈচিত্র্য পরিদর্শনের জন্য একটি অন্যতম স্থান প্রশান্ত মহাসাগরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। বিবর্তন তত্ত্বের উপর কাজ করার সময় বিখ্যাত বিজ্ঞানী চার্লস ডারউইন এই দীপপুঞ্জ ঘুরে গিয়েছিলেন।
ইত্তেফাক/জেডএইচডি
