কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের মাঝ পদ্মায় চায়না চ্যানেলের কাছে ডাম্প ফেরির ধাক্কায় স্পিডবোট ডুবির ঘটনায় পদ্মা নদী থেকে নিখোঁজ শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার নৌরুটের শিবচর এলাকা থেকে লাশগুলো উদ্ধার করে ডুবুরি, ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও শিবচর থানা পুলিশের সদস্যরা। এরা হলেন—কিশোরগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী ও গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার পসন্নপুর গ্রামের মো. রাজু, তার স্ত্রী লিমা এবং পটুয়াখালী জেলার বাউফল থানার রুবেল গাজীর মেয়ে শিশু ফাতেমা।
শিবচর থানার তদন্ত ওসি মো. শাহজাহান মিয়া ও মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা আরমান হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকেই তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার বিকালে একটি স্পিডবোট ২৪ জন যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসে। মাঝ নদীতে এসে চলন্ত স্পিডবোটটি একটি ডাম্প ফেরির সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়। এ সময় স্পিডবোটের যাত্রীদের মধ্যে ২১ জনকে সেনাবাহিনীর টহলবোট উদ্ধার করলেও নিখোঁজ থাকে তিনজন। পরে ডুবুরি, ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও সেনাবাহিনী রাতভর উদ্ধার কাজ চালায়।
