ভারত

বিত্তশালী বাড়ছে জ্যামিতিক হারে!

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২০:৪৮

 

ভারতীয় শিল্পপতি বাবাগুথু রঘুরাম শেঠি প্রায় থিতু হয়ে গিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। ৪৫ মিলিয়ন দিরহাম (১২.২৫ মিলিয়ন মার্কিন ডলার) দিয়ে কিনে নিয়েছেন ৮২৮ মিটার উঁচু বুর্জ খলিফার ১০০তম ফ্লোরটি—যে গগনচুম্বি অট্টালিকাটির উচ্চতা নিউইয়র্কের স্টেইট এম্পায়ার বিল্ডিংয়ের দ্বিগুণ। শেঠি দুবাইয়ে থেকে স্বাস্থ্যসেবা ও বৈদেশিক মুদ্রা বিনিময়ের সাম্রাজ্য চালান। ফ্লোরটি কেনার পর এক ইমেইলে লিখেছিলেন, ‘আমি জানি অধিকাংশ ভারতীয়ই সারা জীবনে এ পরিমাণ অর্থের মুখ দেখে না। আমি এটি কিনেছি এর বিশ্বমানের স্থাপত্য ও আরাম-আয়েশের ব্যবস্থা দেখে। সুযোগ-সুবিধার পাশাপাশি গর্বের বিষয়টিও আমাকে আকৃষ্ট করেছে। আমি আমার ফ্লোরে দাঁড়িয়ে সমস্ত দুবাই ও এর স্থাপত্য সৌন্দর্য্য দেখতে পাই।’ এমন বিলাস ও সৌন্দর্য্যের ব্যয়ভার বহন করা লোকের সংখ্যা ভারতে প্রচুর। যদিও অধিকাংশ ভারতীয় নাগরিক এখনও দারিদ্র্যের মধ্যে বসবাস করে কিন্তু আল্ট্রা হাই নেট-ওয়ার্থ লোকের সংখ্যা (৩০ মিলিয়ন ডলার কিংবা তারও বেশি বিনিয়োগযোগ্য সম্পদ যাদের রয়েছে) বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ক্যাপজেমিনি ও আরবিসি ওয়েলথ ম্যানেজমেন্ট গ্রুপের একটি গবেষণায় উদঘাটিত হয়েছে আল্ট্রা হাই নেট-ওয়ার্থ লোকের সংখ্যার প্রশ্নে ভারতের অবস্থান বিশ্বে ষষ্ঠদশ। ২০১৩ সালে ১ লাখ ৫৬ হাজার মিলিওনেয়ারের আবাস ছিল সেখানে। বিশ্বের অতিধনীদের সম্পর্কে খোঁজখবর রাখা যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ওয়েল্থ ইনসাইট তথ্য দিয়েছে, ২০১৮ সাল নাগাদ এ সংখ্যাটা দাঁড়াবে ৩৫৮,০৫৭। ভারতীয় ধনীদের তালিকায় তরুণ উদ্যোক্তা, শীর্ষস্থানীয় শিল্পপতি এবং উত্তরাধিকার সূত্রেই অগাধ অর্থবিত্তের মালিকদের সংখ্যাটাই বেশি। ওয়েলথ ইসাইট-এর তথ্যানুসারে, ২০১৪ থেকে ২০১৮ এ সময়ে ভারতের অতিধনীদের সম্পদ আরো ৪৪ শতাংশ বাড়বে এবং যার মূল্য দাঁড়াবে ২ ট্রিলিয়ন ডলারের আশোশে।

ভারতীয় অতিধনীরা সম্পদ নিয়ে শুধু বসেই থাকে না, সে হারে খরচও করে। ফোর্বস ম্যাগাজিন তথ্য দিয়েছে, বিশ্বের বিলাসবহুল প্রায় সব গাড়িই আছে শেঠির সংগ্রহে। ভারতের অতিধনীদের সম্পদের ৪৪ শতাংশই রিয়েল এস্টেটের সঙ্গে বাঁধা। দুবাইয়ের সুউচ্চ বুর্জ খলিফাসহ অনিন্দ্য স্থাপত্য শৈলিগুলোর বিদেশি ক্রেতাদের অধিকাংশই ভারতীয়।

পাম গাছের মতো দেখতে বিশ্বের সর্ববৃহত্ কৃত্রিম দ্বীপ পাম আইল্যান্ডসহ দুবাইয়ের প্রায় সব লাক্জারি প্রোপার্টিজ-এর ক্রেতাদের একটা বড় অংশই হচ্ছে ভারতীয়। ইংল্যান্ডেও প্রায় একই অবস্থা। মেফেয়ারের মতো প্রধান আবাসিক এলাকাগুলোয় ভারতীয়দের ভিড় বাড়ছে তো বাড়ছেই।

যুক্তরাষ্ট্রে বিদেশিদের কর্তৃক সম্পত্তি কেনার প্রশ্নে ভারতীয়রা রয়েছে চার নম্বরে। প্রথম তিনটি স্থান যথাক্রমে কানাডীয়, চীনা ও মেক্সিকানদের। শুধুমাত্র বাড়ি-গাড়ি কিনেই ক্ষান্ত থাকছে না ভারতের ওইসব অতিবিত্তশালী। চূড়ান্ত স্ট্যাটাস সিম্বল এখন প্রাইভেট জেট। বৈশ্বিক ব্যক্তিগত জেট বাজারের ১২ শতাংশ ভোক্তা ভারতীয়। তাদের সম্পদশালীদের কাছে সব মিলিয়ে রয়েছে ১৩২টি ব্যক্তিগত জেট, যেগুলোর মূল্য ৪.৫ থেকে ৩১০ মিলিয়ন মার্কিন ডলার। শীর্ষ বিজনেস ব্যারন মুকেশ ও অনিল আম্বানি (দুই ভাই), ভিজয় মাল্লিয়া, লক্ষী মিত্তাল, রতন টাটা ও গৌতম সিংহানিয়া, এদের সবারই রয়েছে ব্যক্তিগত বিমান। বিলাসবহুল তরী ও ইয়টের ভোক্তার সংখ্যাও ভারতে কম নয়। মোদ্দাকথা ভারতের লাক্জারি মার্কেটটা বিশাল, ২০১২ সালে যেটি ছিল ৭.৫৮ বিলিয়ন মার্কিন ডলারের। এ বছরের শেষ নাগাদ তা পৌঁছে যাবে ১৫ বিলিয়ন ডলারে।—ফরেন পলিসি অনুসরণে